রাজ্যের সরকারি ও সরকার-পোষিত কর্মীদের একাধিক দীর্ঘদিনের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইল পশ্চিমবেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়)। বেতন কাঠামো সংশোধন, বদলি নীতি, স্থায়ী নিয়োগ থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ— একগুচ্ছ দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আলোচনার আবেদন জানিয়েছে সংগঠনটি।
২৫ মে কলকাতা থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সংগঠনের সাধারণ সম্পাদক অমরচাঁদ দে দাবি করেছেন, দীর্ঘদিন ধরে সরকারি, আধাসরকারি এবং চুক্তিভিত্তিক কর্মীরা নানা সমস্যার মুখে রয়েছেন। বিশেষ করে বেতন বৈষম্য, অনিয়মিত বদলি এবং শূন্যপদে নিয়োগ না হওয়ায় প্রশাসনিক কাজকর্মেও প্রভাব পড়ছে বলে অভিযোগ।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বহু কর্মী অবসর গ্রহণের পরও বকেয়া মহার্ঘভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাননি। সংগঠনের দাবি, অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে স্থায়ী সমাধানের পথে এগোতে হবে সরকারকে।
সরকারি কর্মীদের ডিএ-বেতন-বদলি-স্থায়ী নিয়োগে বড় দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি কর্মচারী সংগঠনের

একইসঙ্গে ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিও তোলা হয়েছে। কর্মচারী সংগঠনের বক্তব্য, মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান বেতন কাঠামো বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কেন্দ্রীয় সরকারের ধাঁচে সময়োপযোগী সংশোধন প্রয়োজন।
চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া কর্মীদের বিষয়েও সরব হয়েছে সংগঠনটি। তাঁদের অভিযোগ, একই ধরনের কাজ করলেও বহু ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা ও বেতন মিলছে না। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সমকাজে সমবেতনের দাবি জানানো হয়েছে।


সংগঠনের তরফে আরও বলা হয়েছে, বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে বহু শূন্যপদ পড়ে রয়েছে। দ্রুত স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে প্রশাসনিক পরিষেবা ব্যাহত হতে পারে। পাশাপাশি বদলি নীতিতেও স্বচ্ছতা আনার দাবি উঠেছে চিঠিতে।
কর্মচারী সংগঠন দাবি করেছে, অতীতে দূরবর্তী বদলির জেরে বহু কর্মী সমস্যার মুখে পড়েছিলেন। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বদলি নীতি পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।
চিঠির শেষে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আবেদন জানানো হয়েছে। কর্মীদের সমস্যার দ্রুত সমাধানে সরকার ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশাবাদী সংগঠনটি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



