জীবনের সবচেয়ে কঠিন লড়াই জিতে নেওয়ার পর এবার মেধার ময়দানেও নজির গড়লেন অদ্রিজা গণ। ক্যানসারের বিরুদ্ধে চার বছরের সংগ্রাম, ৮২টি কেমোথেরাপির ধকল—সব কিছু পেরিয়ে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়ে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর ২৪ পরগনার এই কৃতী।
অদ্রিজা এ বছর উচ্চ মাধ্যমিকে দশম স্থান অর্জন করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। প্রথম পর্বের পরীক্ষাতেও তিনি মেধাতালিকায় ছিলেন। তৃতীয় সেমেস্টারে নবম স্থান পাওয়ার পর এবার শতাংশের হারে উন্নতি হলেও সামান্য পিছিয়ে দশম স্থানে জায়গা হয়েছে। তবুও তাঁর এই সাফল্য শুধু নম্বরের নিরিখে নয়, জীবনযুদ্ধের প্রেক্ষিতে এক অসাধারণ জয়।
রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা কলা বিভাগে পড়াশোনা করেছেন। ভূগোল, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মনোবিজ্ঞান ছিল তাঁর পছন্দের বিষয়। ভবিষ্যতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁর। বেথুন কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে, যদিও প্রয়োজনে বিদেশে গিয়ে পড়াশোনা করার কথাও ভাবছেন।
৮২টি কেমো পেরিয়ে জয়ের হাসি! ক্যানসার জয় করে উচ্চ মাধ্যমিকে প্রথম দশে অদ্রিজা

অদ্রিজার জীবনের মোড় ঘুরে যায় ষষ্ঠ শ্রেণির পরই। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর ধরা পড়ে টি-সেল লিম্ফোমা। শুরু হয় দীর্ঘ চিকিৎসা—একটার পর একটা কেমোথেরাপি, শারীরিক যন্ত্রণা আর মানসিক লড়াই। সেই কঠিন সময়ে পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষিকাদের সহায়তা তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি ছিলেন তাঁর মা জ্যোতি গণ। মেয়েকে নিয়ে একাই মুম্বই গিয়ে চিকিৎসা করান তিনি। বাবা জয়মঙ্গল গণ, পেশায় শিক্ষক, সেই সময় ভেঙে পড়লেও পরিবারকে আগলে রেখেছিলেন। অদ্রিজার স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মানসিক সমর্থনও ছিল উল্লেখযোগ্য।
দীর্ঘ চার বছরের চিকিৎসার পর ২০২১ সালে সম্পূর্ণ রোগমুক্ত হন অদ্রিজা। তবে এখনও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মুম্বই যেতে হয় তাঁকে। তবুও তাঁর চোখে এখন নতুন স্বপ্ন—নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের পাশে দাঁড়ানোর।
অদ্রিজার কথায়, “শুধু শরীর নয়, মনকেও শক্ত রাখতে হয়। সেই লড়াইটাই সবচেয়ে কঠিন।” আর সেই লড়াই জিতেই আজ তিনি শুধু একজন কৃতী ছাত্রী নন, হাজারো মানুষের অনুপ্রেরণা।



