উচ্চ মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ হতেই স্বস্তি ও উচ্ছ্বাস রাজ্যের পড়ুয়াদের মধ্যে—পাশের হার ৯১.২৩ শতাংশ, মেধাতালিকায় ৬৪ জন এবং জেলার নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। বিধাননগরে শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফলাফল, যা সকাল ১১টা থেকে অনলাইনে দেখা যাচ্ছে।
সংসদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও পরীক্ষায় বসে ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। জেলার ভিত্তিতে পূর্ব মেদিনীপুর আবারও সেরা—পাশের হার ৯৪.১৯ শতাংশ।


এ বছরের মেধাতালিকায় মোট ৬৪ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। তার মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। শীর্ষস্থান দখল করেছে আদৃত পাল, যার প্রাপ্ত নম্বর ৪৯৬। উল্লেখযোগ্যভাবে, সেমেস্টার পদ্ধতিতে প্রথমবার এই পরীক্ষা হওয়ায় ফলাফল নিয়েও ছিল বাড়তি আগ্রহ।
সংসদ জানিয়েছে, ১১টার পর থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাচ্ছে। পাশপাশি পরীক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফল ডাউনলোড করে রাখতে পারবে। একই দিনে স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণও শুরু হয়েছে। প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল।
এ বছর মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষায় অংশ নেয়। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি—প্রায় ৬৬ হাজার ৪৮৬ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। ১৫টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।


ফলাফল প্রকাশের পরই শুরু হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR)-এর আবেদন প্রক্রিয়া। ১৪ মে রাত ১২টার পর থেকে পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া যাঁরা ফলাফলে সন্তুষ্ট নন, তাঁরা পুনরায় পরীক্ষায় বসার সুযোগও পাবেন—তার জন্য স্কুলে ফল জমা দিয়ে সংসদের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



