কলকাতা হাই কোর্ট চত্বরে হঠাৎ উত্তেজনা—ভোট-পরবর্তী অশান্তি মামলায় সওয়াল শেষে বেরোতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। ওঠে ‘চোর’ স্লোগান, শোনা যায় কটূক্তিও—যার জেরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর।
বৃহস্পতিবার সকালে আচমকাই হাই কোর্টে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের পোশাক পরে তিনি প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হয়ে ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলায় সওয়াল করেন। এজলাসে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিন পর আদালতে দাঁড়িয়ে সওয়াল করছেন এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


মমতার দাবি, ভোটের পর রাজ্যে নারী, শিশু ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ সামনে আসছে। তাঁর কথায়, “প্রতিদিন হুমকি, লুটপাট ও অগ্নিসংযোগের খবর মিলছে, অথচ পুলিশ কার্যত নিষ্ক্রিয়।” আদালতের অনুমতি পেলে এই সমস্ত অভিযোগ অতিরিক্ত হলফনামায় তুলে ধরবেন বলেও জানান তিনি। একইসঙ্গে রাজ্যবাসীর সুরক্ষার আবেদন জানান।
অন্যদিকে, রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে আইনজীবী ধীরাজ ত্রিবেদী এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, নির্দিষ্ট তথ্য ছাড়া এই ধরনের অভিযোগ আদালতে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শুনানি শেষে আদালত চত্বর থেকে বেরোনোর সময়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীদের একাংশ মমতাকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন, যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।


উল্লেখ্য, ভোট-পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আগেই তুঙ্গে। সেই আবহেই আদালতে এই শুনানি এবং পরবর্তী বিক্ষোভ ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







