রাজনীতির লড়াই এবার আদালতের এজলাসে। মমতা বন্দ্যোপাধ্যায়–কে বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্ট চত্বরে দেখা গেল আইনজীবীর পোশাকে। ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তিনি নিজেই সওয়াল করতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক ও আইনি মহলে। প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
রাজ্যে সরকার বদলের পর থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনাগুলিকে সামনে রেখেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন উত্তরপাড়ায় তৃণমূলের হয়ে লড়াই করা শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই মামলায় শীর্ষণ্যের আইনজীবী হিসেবেই আদালতে সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তাঁকে আইনজীবীদের কালো কোট পরে আদালত চত্বরে ঢুকতে দেখা যায়। তারপর থেকেই হাই কোর্টে কৌতূহল বাড়ে আইনজীবী মহল এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার আদালত ও সাংবিধানিক বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা। তবে সরাসরি আইনজীবীর ভূমিকায় আদালতে উপস্থিত হওয়ার সম্ভাবনা ঘিরে এই প্রথম এত বড় রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
ভোট-পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত। বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে হামলা ও দখলের অভিযোগ তোলা হয়েছে। সেই পরিস্থিতিতে আদালতের পর্যবেক্ষণ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



