কালীঘাটের কাকুর ১৫ মিনিটের কথোপকথন, ‘ঘুষ ভাগাভাগি’ দ্বন্দ্বের সূত্র ধরেই তলব অভিষেককে

সিবিআইয়ের চার্জশিটে থাকা ১৫ মিনিটের অডিয়ো কথোপকথনে চাকরি নিয়োগ, অর্থ লেনদেন ও ঘুষ ভাগাভাগির অভিযোগের সূত্র ধরেই ইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি-তলব ঘিরে নতুন করে সামনে এসেছে একটি ১৫ মিনিটের অডিয়ো কথোপকথন। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ থাকা সেই রেকর্ডিংয়ে চাকরি বিক্রি, অর্থ লেনদেন এবং ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে আলোচনার দাবি করা হয়েছে। সেই সূত্র ধরেই সোমবার সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

সোমবার সকালেই ইডি দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লেখিত একটি অডিয়ো রেকর্ডিংকে কেন্দ্র করেই তাঁকে একাধিক প্রশ্ন করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, ২০১৭ সালে বেহালায় ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে একটি বৈঠক হয়েছিল। সেখানে সুজয়কৃষ্ণ, তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের মধ্যে প্রায় ১৫ মিনিটের একটি কথোপকথন হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

সিবিআই তদন্তে সেই অডিয়ো রেকর্ডিং সামনে আসে। চার্জশিট অনুযায়ী, কথোপকথনে একাধিকবার ‘অভিষেক’ নামটি উচ্চারিত হয়েছে। চাকরি নিয়োগের বিনিময়ে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ বণ্টন নিয়ে আলোচনার কথাও সেখানে উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

তবে ওই অডিয়োতে উল্লিখিত ‘অভিষেক’ ঠিক কে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি তদন্তকারী সংস্থাগুলি। সেই কারণেই বিষয়টি নিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চাইছে ইডি।

তদন্তকারী সূত্রের দাবি, অডিয়োতে ঘুষের টাকা সংগ্রহ, নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে অর্থ বণ্টন এবং নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ উঠে এসেছে। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও আলোচনায় এসেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সিবিআই ওই অডিয়োর সত্যতা যাচাইয়ের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করেছিল। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই অডিয়ো মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে উঠে এসেছে।

এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্র একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কর্মী ছিলেন। সেই সংস্থার আর্থিক লেনদেন নিয়েও অতীতে তদন্ত হয়েছে। সূত্রের খবর, সোমবারের জিজ্ঞাসাবাদে সেই সংক্রান্ত বিষয়ও উঠে আসতে পারে।

শুধু তাই নয়, অভিষেকের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থার আর্থিক কার্যকলাপও তদন্তের আওতায় আনার চেষ্টা করছে ইডি। ফলে নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে।

বর্তমানে সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনে রয়েছেন। তবে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখিত ওই ১৫ মিনিটের কথোপকথনকে কেন্দ্র করে তদন্তের নতুন দিক উন্মোচিত হয়েছে। সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর