রাজ্যে ৬ হাজারের বেশি কর্মী নিয়োগের ইঙ্গিত, বড় ঘোষণা মন্ত্রী দিলীপের

রাজ্যে প্রায় সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতির কথা জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি নিয়েও আশ্বাস সরকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্ষমতায় আসার পর কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিল রাজ্যের নতুন সরকার। প্রায় সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগের সময় এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে শূন্যপদে কাজের চাপ বাড়ার কথাও তুলে ধরেন মন্ত্রী।

দিলীপ ঘোষ বলেন, “বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। প্রায় সাড়ে ৬ হাজার নিয়োগের জন্য শর্টলিস্ট তৈরি করা হয়েছিল। এখন সেই প্রক্রিয়াই এগোচ্ছে। কর্মচারী না থাকায় বহু কাজ আটকে রয়েছে। এক একজনকে চারটি পর্যন্ত পঞ্চায়েত সামলাতে হচ্ছে। ফলে পরিষেবা দিতেও সমস্যা হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

কবে থেকে এই নিয়োগ শুরু হবে, তা নিয়ে অবশ্য এখনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী ক্যাবিনেট বৈঠকেই তিনি ফের বিষয়টি তুলবেন। তাঁর কথায়, “দেখি কত দ্রুত করা যায়। সামনে বিধানসভা অধিবেশনও রয়েছে।”

এদিকে পালাবদলের পর সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা। বিশেষ করে সিভিক ভলান্টিয়ার এবং পুরসভার অস্থায়ী কর্মীদের মধ্যে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে আশ্বাস দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

তিনি জানিয়েছেন, রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না এবং চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি আপাতত বহাল থাকবে। সূত্রের খবর, রাজ্যে প্রায় পাঁচ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী বিভিন্ন দপ্তরে কাজ করছেন। তাঁদের ভবিষ্যৎ নিয়েও ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের তরফে ইঙ্গিত মিলেছে।

নতুন সরকারের এই ঘোষণা চাকরিপ্রার্থীদের কাছে বড় স্বস্তির খবর বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন