কলকাতা: যন্তর মন্তরে (Jantar Mantar) ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন যতই দেশজুড়ে ছড়িয়ে পড়ুক, তাতে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ বাংলার মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বরং উল্টে আন্দোলনকারীদের ‘বিদেশিদের কাঠের পুতুল’ বলে কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন, “এদের পরিণতি হবে কৃষক আন্দোলনের মতোই।” বৃহস্পতিবার এই মন্তব্য করে ফের বিতর্ক উসকে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন দিলীপ? তাঁর কথায়, “যে মুখগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে এরকম বহু বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আসলে আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, তাঁরা সবসময় কিছু না কিছু ইস্যু তোলে। এদের কাজ নিরীহ লোকদের সামনে এনে দেশে উৎপাত করা, সরকারকে বিব্রত করার চেষ্টা করা। এরা ভারতকে নেপাল-শ্রীলঙ্কা-পাকিস্তান-বাংলাদেশ বানানোর অনেক চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি, এবারও হবে না।”
এরপরই কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কৃষক আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, এদেরও তাই হবে। এই কুশীলবরা কৃষক আন্দোলনও করে, ছাত্র আন্দোলনও করে, মহিলা আন্দোলনও করে। এরা পেশাদার, বিদেশিদের কাঠের পুতুল। কিছুদিন এরা উৎপাত করবে। ভুলে যাবেন না, সরকার নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহের (Amit Shah)। এই আন্দোলনকারীদের সঙ্গে দেশের মানুষ নেই। সাধারণ মানুষ এদের চেনে। এদের কোনও লজ্জা নেই।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী মোদী পড়ুয়াদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে (X Handle) বড় বার্তা দিয়ে বলেছেন, “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না সরকার।” অথচ সেই পড়ুয়াদের আন্দোলনকেই ‘বিদেশি চক্রান্ত’ বলে উড়িয়ে দিলেন দিলীপ। এর ফলে আন্দোলনকারী ও বিরোধী শিবিরের তোপের মুখে পড়বেন তিনি, সেটা বলাই বাহুল্য।



