ফের বদল উচ্চমাধ্যমিক সেমেস্টার-৩ পরীক্ষার রুটিন! দেখুন নতুন সূচী

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টারের পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন। করম পুজোর কারণে ২২ সেপ্টেম্বরের ভোকেশনাল পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর দুপুরে নেওয়ার সিদ্ধান্ত সংসদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিন নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে আবারও বদল করা হল সূচি। এবার উপনির্বাচন নয়, পরিবর্তনের কারণ করম পুজো। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, ২২ সেপ্টেম্বরের সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই পরীক্ষা হবে ১৩ অক্টোবর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

আগামী ২১ সেপ্টেম্বর থেকেই উচ্চমাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে পরীক্ষার্থীদের প্রস্তুতির মাঝেই ফের সূচি বদল হওয়ায় নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে স্কুল ও পড়ুয়াদের।

সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নির্ধারিত সব ভোকেশনাল বিষয়ের পরীক্ষা আর ওই দিনে হচ্ছে না। স্বাস্থ্য পরিষেবা, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, IT ও ITES, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং, টেলিকম-সহ সমস্ত বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে।

অর্থাৎ ১৩ অক্টোবর দিনটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই দিন প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান ও ফিশারিজের পরীক্ষা হবে। দ্বিতীয় ভাগে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত নেওয়া হবে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা।

পরীক্ষার রুটিন বদলের সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সংসদ। ইতিমধ্যেই বহু স্কুলে পুরনো সূচি অনুযায়ী অ্যাডমিট কার্ড পড়ুয়াদের দেওয়া হয়েছিল। পরিবর্তিত রুটিনের কারণে নতুন করে সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

তবে নতুন অ্যাডমিট কার্ড হাতে না পেলেও পরীক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংসদ সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে। পরে স্কুল থেকে সংশোধিত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে।

সংসদ আরও জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজন হলে এই সূচিতেও ভবিষ্যতে পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল ও পরীক্ষার্থীদের জানানো হবে। সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষার্থীদের সর্বশেষ সংশোধিত সূচি মেনে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক সেমেস্টার-৩-এর সংশোধিত রুটিন

২১ সেপ্টেম্বর প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে তৃতীয় সেমেস্টার। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষার পরীক্ষা। ২৫ সেপ্টেম্বর অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিং এবং অ্যাপ্লাইড এআইয়ের পরীক্ষা হবে।

২৮ সেপ্টেম্বর পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সংগীত এবং ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা রয়েছে।

৩০ সেপ্টেম্বর স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং এবং ইতিহাসের পরীক্ষা। ১ অক্টোবর রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজের পরীক্ষা হবে।

৩ অক্টোবর রয়েছে দর্শনের পরীক্ষা। এরপর ১২ অক্টোবর গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সিয়ান, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপনের পরীক্ষা নেওয়া হবে।

১৩ অক্টোবর প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান ও ফিশারিজের পরীক্ষা। দ্বিতীয় ভাগে হবে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা। শেষ দিন অর্থাৎ ১৪ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা রয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বরও এক দফা রুটিন পরিবর্তন করেছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ ছিল নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন। ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট এবং ৯ অক্টোবর ফল ঘোষণা হওয়ার কথা থাকায় নির্বাচনের সঙ্গে যাতে পরীক্ষার সূচি না মেলে, সেই কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

ফলে আগের সূচি অনুযায়ী ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রথম দফার পরিবর্তনের পরে তা গড়িয়ে যায় ১৪ অক্টোবর পর্যন্ত। এবার করম পুজোর কারণে ভোকেশনাল পরীক্ষার দিনও বদলে গেল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংশোধিত সূচি উচ্চমাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সেমেস্টারের সকল পরীক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন