নজরবন্দি ব্যুরো: আগামী সপ্তাহেই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টির দেখা পাবে বঙ্গবাসী। বর্ষার জেরেই একাধিক জেলায় জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা। সোমবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। কেমন থাকবে মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া?
আরও পড়ুন: অবশেষে মিলল স্বস্তি! আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি! কোথায় কত বর্ষণ হবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, “উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা এবং সিকিমের কয়েকটি জায়গায় বর্ষা ঢুকে পড়বে বলেই আশা করা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার (১১ জুন) উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার অর্থাৎ আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামী সপ্তাহের মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে! দক্ষিণবঙ্গের অবস্থা কেমন থাকছে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। তবে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলায় ঢুকছে বর্ষা, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা!




