রাত পেরোতেই খুলে গেল নতুন দিগন্ত। অফলাইনে রেকর্ড সাড়া পাওয়ার পর রবিবার রাত ১২টা থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। প্রথম দিনেই সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ায় চাপ কমাতে দ্রুত অনলাইন ব্যবস্থা চালু করেছে নবান্ন। নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ গিয়ে এখন বাড়িতে বসেই নাম নথিভুক্ত করতে পারছেন আবেদনকারীরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। পোর্টালে প্রবেশ করলে বাঁদিকে ‘স্বনির্ভর বাংলা’ এবং ডানদিকে ‘বাংলার যুবসাথী’—এই দুই বিকল্প দেখা যাবে। ‘যুবসাথী’-র ‘Click to Apply’ অপশনে ক্লিক করলেই ‘Apply Online’ লিঙ্কে পৌঁছনো যাবে। পাশাপাশি আবেদন করতে কী কী নথি প্রয়োজন, তার পূর্ণ তালিকাও দেওয়া রয়েছে।


আবেদন করতে হলে প্রথমে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এরপর লগইন করে একে একে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি—মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে নিজের সই করা স্পষ্ট ছবি। নির্ধারিত ফরম্যাটে সব নথি আপলোড করার পর ফের একটি ওটিপি পাঠানো হবে মোবাইলে। সেই ওটিপি প্রদান করলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া। সফল আবেদন জমা পড়লে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের কপি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে পোর্টালের নির্দেশিকা ভাল করে পড়ে নেওয়ার কথা জানানো হয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বরেও যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিলির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
নবান্ন সূত্রে আরও জানা গেছে, রাজ্য জুড়ে আয়োজিত ৭৬৯টি শিবিরে মোট ৬ লক্ষ ২৯ হাজার মানুষের উপস্থিতির মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজারই ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ৩১ হাজার এবং খেতমজুরদের আর্থিক সুবিধা সংক্রান্ত আবেদন ও অনুসন্ধান মিলিয়ে প্রথম দিনের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ হাজার।







