শীত বিদায় নেওয়ার আগে যেন একটু থমকে দাঁড়িয়েছে। দিনের বেলায় উধাও ঠান্ডা, কিন্তু সকাল আর সন্ধ্যা নামলেই হালকা শিরশিরে ভাব—এই আবহেই রাজ্য জুড়ে প্রশ্ন, নতুন করে কি কনকনে শীত নামবে? আপাতত সেই সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বরং আগামী কয়েক দিনে শুষ্ক আবহাওয়া, কুয়াশার দাপট আর সামান্য ঊর্ধ্বমুখী তাপমাত্রাই ছবিটা পরিষ্কার করছে।
সোমবার পারদ কিছুটা নামলেও নতুন করে তীব্র শৈত্যপ্রবাহের ইঙ্গিত নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই; সর্বত্রই আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।


উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার কুয়াশার দাপট বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। দু’এক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বুধবার থেকে ঘন কুয়াশার সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় কুয়াশার সম্ভাবনা খুবই সামান্য। আজ তাপমাত্রা অল্প বেড়েছে, বুধবার থেকে পারদ আরও একটু চড়বে।
কলকাতায় মঙ্গলবার সকালেও তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও সকালে শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় তা কার্যত উধাও। উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার প্রভাবে আগামী কয়েক দিন তাপমাত্রা ১–২ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


সব মিলিয়ে আগামী সাত দিন রাজ্য জুড়ে পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস। সকাল আর সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বুধবার থেকে সেই অনুভূতিও কিছুটা হালকা হবে। কলকাতায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।







