নজরবন্দি ব্যুরো: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার উডল্যান্ডসে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার অসুস্থ বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে শুভেন্দু অধিকারীর বললেন, ‘এইরকম একজন সৎ রাজনীতিবিদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কী করা যায়’। এদিন আর কী বললেন শুভেন্দু?
আরও পড়ুন: পরাজিত বাম প্রার্থীরা মানুষকে ‘পরিষেবা’ দেবেন, ‘বিকল্প’ পঞ্চায়েতের ভাবনা সিপিআইএমের


শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যাঁরা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। আমি ওনাকে দর্শন করতে পেরেছি। চিকিৎসকরা আমাকে সাহায্য করেছেন’।

রবিবার শুভেন্দু অধিকারী ছাড়াও সিপিএমের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা হাসপাতালে গিয়েছিলেন। শনিবার রাতেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।



এক সময়ের চেন স্মোকার বুদ্ধদেব ভট্টাচার্য অনেকদিন ধরেই সিওপিডি-র সমস্যা নিয়ে ভুগছেন। বিগত চার দিন ধরেই ফুসফুসের সংক্রমণ নিয়ে অসুস্থ ছিলেন তিনি বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে, শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী বুদ্ধদেবকে হাসপাতলে ভর্তি করা হয়। গ্রিন করিডর করে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উডল্যান্ডসে আনা হয়।

বুদ্ধদেবের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, আপাতত কিছুটা ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তির দিনের চেয়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। তবে, রাইসল টিউবের মাধ্যমে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রাখা হয়েছে বুদ্ধদেবকে। কিন্তু, ডাকলে সাড়া দিয়েছেন। হাত নেড়ে কথার উত্তর দিচ্ছেন, যাকে চিকিৎসার পরিভাষায় জেসচার রেসপন্স বলা হয়।

কৌশিক চক্রবর্তীর বক্তব্য, ‘বুদ্ধদেববাবুর কার্ডিয়াক ফাংশন বেশ ভাল। তাই ফুসফুসের অবস্থা খারাপ থাকলেও উনি লড়ে যাচ্ছেন। শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। কোনও সমস্যা ছাড়াই তাঁর খাদ্যনালী দিয়ে খাবার শরীরে ঢুকছে’।
‘একজন সৎ রাজনীতিবিদ…’, বুদ্ধদেবকে দেখে বেরিয়ে আর কী বললেন শুভেন্দু?








