দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে ফের অস্থির আবহাওয়ার ইঙ্গিত। দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, আর উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা।

ওড়িশা ও মধ্যপ্রদেশে অবস্থান করা দুটি ঘূর্ণাবর্ত এবং ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গ অঞ্চলে বিপুল জলীয় বাষ্প ঢুকছে। এর ফলেই এই আবহাওয়ার পরিবর্তন। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে বলে জানানো হয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে মঙ্গলবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

আজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষত উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের দাপট বেশি হতে পারে। এই জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ অন্যান্য জেলায় তুলনামূলকভাবে কম হলেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত এই অস্থির আবহাওয়া চলবে। সপ্তাহান্তে, অর্থাৎ শনি ও রবিবার আবহাওয়া কিছুটা শুষ্ক হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের পূর্বাভাস

উত্তরবঙ্গে আজই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বুধবারেও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় আবহাওয়া আরও খারাপ হতে পারে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চললেও, সপ্তাহান্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত