উইকেন্ডে ঝড়বৃষ্টির দাপট, তারপরই বাড়বে গরম! কী বলছে আবহাওয়া দফতর?

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উইকেন্ড জুড়ে ভিজতে চলেছে বাংলা। শনিবার শপথ গ্রহণের দিনেও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে সতর্কতা জারি হয়েছে। কলকাতাতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির এই আবহাওয়া বেশিদিন নয়— আগামী সপ্তাহ থেকেই ফের বাড়বে তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের দাপট বেশি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, শনিবার ও রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে।

রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের দাপট আরও বাড়তে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণ ও উত্তর— দুই বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। ফলে আগামী সপ্তাহে ফের গরম ও ভ্যাপসা অস্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত