চিনার পার্ক ছেড়ে আলিপুরে! মুখ্যমন্ত্রী হিসেবে মমতার তৈরি ‘সৌজন্য’-তেই উঠছেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতায় বদলাচ্ছে শুভেন্দু অধিকারীর ঠিকানা। চিনার পার্কের বদলে আলিপুরের ‘সৌজন্য’ ভবনেই থাকতে পারেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার বদলাতে চলেছে শুভেন্দু অধিকারীর ঠিকানাও। এতদিন কলকাতায় এলে চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর নতুন সরকারি বাসভবন হতে চলেছে আলিপুরের ‘সৌজন্য’ ভবন।

২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিন নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথের পর থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে একাধিক প্রস্তুতি। তার মধ্যেই সামনে এসেছে নতুন মুখ্যমন্ত্রীর বাসস্থানের খবর।

সূত্রের খবর, আলিপুরে অবস্থিত ‘সৌজন্য’ ভবনকেই মুখ্যমন্ত্রীর সরকারি আবাস হিসেবে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, ‘সৌজন্য’ ভবনটি তৈরি করেছিল আগের সরকার। মূলত মুখ্যমন্ত্রী অথবা ভিভিআইপি পর্যায়ের অতিথিদের থাকার জন্যই এই ভবন ব্যবহার করা হত। প্রশাসনিক মহলের মতে, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি কাজের সুবিধার কথা মাথায় রেখেই এই ভবনকে নতুন মুখ্যমন্ত্রীর স্থায়ী বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এতদিন কলকাতায় এলে চিনার পার্কের একটি ব্যক্তিগত ফ্ল্যাটেই থাকতেন শুভেন্দু। কিন্তু এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব ও নিরাপত্তা— দুই-ই অনেক বেড়েছে। ফলে সরকারি বাসভবনে স্থানান্তর কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

নতুন সরকার গঠনের পর প্রশাসনিক রদবদল থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা— সব ক্ষেত্রেই দ্রুত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তারই অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর নতুন বাসভবন নিয়েও জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত