রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ বিতর্ক, আদালতের নির্দেশ এবং টানা আইনি লড়াইয়ের পর অবশেষে প্রকাশ্যে আনা হল ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট। এতদিন নানা কারণ দেখিয়ে যা প্রকাশ করেনি এসএসসি, নতুন সরকার গঠনের আবহেই সেই তথ্য সামনে আসায় শুরু হয়েছে জোর রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা।
সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দিনেই একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়। শুক্রবার এসএসসির তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ্যে আসে।


জানা গিয়েছে, ওএমআর মূল্যায়নকারী সংস্থার এক প্রাক্তন কর্মীর ঠিকানা থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকেই উদ্ধার হয়েছিল এই তথ্য। সেই হার্ডডিস্কে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষার্থীর ওএমআর ডেটা সংরক্ষিত ছিল বলে তদন্তকারী সূত্রে দাবি।
প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিল মাসে হাইকোর্ট-এর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দেয়। পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টেও। তবুও এতদিন একাদশ-দ্বাদশ শ্রেণির ওএমআর প্রকাশ করা হয়নি।
এবার এসএসসির তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ওএমআর শিটও প্রকাশ করা হবে। আপাতত ২০১৬ সালের পরীক্ষার্থীরা নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন বলে জানানো হয়েছে।


২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে গত কয়েক বছরে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। আদালত, সিবিআই তদন্ত এবং দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল ছিল দীর্ঘদিন। সেই পরিস্থিতিতে ওএমআর প্রকাশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে যে বদলের ইঙ্গিত মিলছে, এসএসসির এই পদক্ষেপ তারই বড় উদাহরণ। তবে এই ওএমআর প্রকাশের পর নতুন করে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর পরীক্ষার্থী ও শিক্ষামহলের।







