মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ৭০! দায় নিল আল কায়দা-ঘনিষ্ঠ গোষ্ঠী

মালিতে আল কায়দা-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জেএনআইএম-এর হামলায় নিহত অন্তত ৭০। সেনাঘাঁটি ধ্বংসের পাশাপাশি খুন করা হয়েছে শীর্ষ সেনা আধিকারিকদেরও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্য-পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৭০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জেএনআইএম। একাধিক গ্রামে ঢুকে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, স্থানীয় প্রশাসনের একাংশের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গিয়েছে, জেএনআইএম বা ‘জামাত-অট নুসরত আল-ইসলাম অল-মুসলিমিন’ নামের সশস্ত্র গোষ্ঠী গত বুধবার থেকেই মধ্য মালির বিভিন্ন এলাকায় হামলা শুরু করে। গ্রামে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করা হয়। পরে ধীরে ধীরে শহরাঞ্চলেও হামলার বিস্তার ঘটে।

প্রশাসনিক সূত্রের দাবি, জঙ্গিগোষ্ঠীর মতাদর্শের বিরোধিতা করছেন এমন গ্রামবাসীদের টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। আরও অভিযোগ, এই হামলায় জেএনআইএম-কে সহায়তা করেছে তুয়ারেগ বিদ্রোহী বাহিনীর একাংশও।

শনিবার রাতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। মালির গুরুত্বপূর্ণ সামরিক শহর কাতিতে বড় হামলা চালায় জঙ্গিরা। রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সেনাঘাঁটি দীর্ঘদিন ধরেই কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ছিল।

হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা-সহ একাধিক শীর্ষ সেনা ও সরকারি আধিকারিক নিহত হয়েছেন বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে এখনও পূর্ণাঙ্গ মৃতের তালিকা প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই হামলার ফলে মালির সামরিক সরকারের ভিত বড় ধাক্কা খেল। কারণ, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন সাদিও কামারা।

বর্তমানে মালির একাধিক এলাকা কার্যত অস্থিরতার মধ্যে রয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও জঙ্গিদের দাপটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি কার্যকলাপ গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আল কায়দা ও ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলি সেখানে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। মালির সাম্প্রতিক হামলা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত