ভুয়ো শংসাপত্রে কড়া বার্তা, স্ক্যানারে আধিকারিকেরাও! মন্ত্রী ক্ষুদিরামের নিশানায় দুর্নীতির চক্র

তফসিলি শংসাপত্রে দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, ভুয়ো সার্টিফিকেট বাতিল ও দায়ী আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দায়িত্ব নেওয়ার পরই বড় ঘোষণা—তফসিলি শংসাপত্র প্রদানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যের নতুন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর দাবি, আগের আমলে ভুয়ো ও গরমিল থাকা শংসাপত্রের মাধ্যমে বহু মানুষ বেআইনি সুবিধা পেয়েছেন। সেই চক্র ভাঙতেই শুরু হচ্ছে অভিযান।

রবিবার বাঁকুড়ার রানিবাঁধে নিজের এলাকায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট জানান, শংসাপত্র প্রদানের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। যেসব ক্ষেত্রে অনিয়ম হয়েছে, সেখানে দায়ী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে কেউ যদি সরকারি সুবিধা নিয়ে থাকেন, তা বাতিল করা হবে। কোনওভাবেই এই দুর্নীতি বরদাস্ত করা হবে না।”

পেশায় শিক্ষক থেকে রাজনীতিতে আসা ক্ষুদিরাম টুডু তৃতীয়বার বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। শপথ নেওয়ার পরদিনই জেলার জাহের থানে তাঁকে আদিবাসী সম্প্রদায়ের রীতিতে বরণ করা হয়। সেই অনুষ্ঠানেই তিনি স্পষ্ট করেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়ন তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

মন্ত্রী জানান, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য হস্টেল ও আশ্রমগুলির পরিকাঠামো উন্নয়ন জরুরি। শিক্ষার প্রসার এবং পিছিয়ে পড়া সমাজের সার্বিক উন্নয়নেও তিনি জোর দিতে চান। তাঁর মতে, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন রাজ্যের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ব্যক্তিগত জীবনেও সাধারণ পরিসরের মানুষ ক্ষুদিরাম। বর্ধমান বাণীপীঠ স্কুলে শিক্ষকতা করতেন তিনি। কর্মসূত্রে বর্ধমান শহরে পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থাকেন। স্ত্রী মালতী টুডু হেমব্রম পেশায় আশাকর্মী এবং একমাত্র কন্যা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর স্ত্রীর কথায়, মানুষের সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক লড়াইয়ে শক্তি পেয়েছেন ক্ষুদিরাম।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষুদিরামের প্রথম বার্তা স্পষ্ট—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং উন্নয়নের পথে দৃঢ় পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত