উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, দক্ষিণে ফিরছে ভ্যাপসা গরম! স্বস্তি দেবে কি কালবৈশাখী?

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বাড়তে পারে ভ্যাপসা গরম। অন্যদিকে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েক দিনের স্বস্তির পর ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে আবারও বাড়তে পারে প্যাচপ্যাচে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে উত্তরবঙ্গে জোরদার হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই কিছু জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে ক্রমশ।

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?

রবিবার সকালে মনোরম আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে কলকাতায় বাড়তে পারে গরম ও অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে বলে পূর্বাভাস।

যদিও পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সোমবারও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রবিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

সোমবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার অবনতি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে আপাতত কালবৈশাখী কিছুটা স্বস্তি দিলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাড়তে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আগাম ইঙ্গিত মিলছে বৃষ্টির ধারাবাহিকতায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত