রাজ্যের শিক্ষা দফতরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত! বুধবার বিকাশ ভবনে গিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়ক স্বপন দাসগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর-র নির্দেশেই এই বৈঠক হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আর সেই বৈঠকের পর থেকেই জোর জল্পনা—রাজ্যের পরবর্তী শিক্ষামন্ত্রী কি হতে চলেছেন স্বপন দাশগুপ্ত?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাসবিহারীর নবনির্বাচিত এই বিধায়ক শিক্ষা দফতরের চলতি প্রকল্প, নীতি নির্ধারণ এবং প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে বিশদ খোঁজখবর নেন। যদিও এখনও তিনি মন্ত্রিত্বের শপথ নেননি, ফলে সরকারি ফাইল দেখার অধিকার তাঁর নেই। তবুও এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত?

উল্লেখ্য, গত শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রথম দফার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। ইতিমধ্যেই তাঁদের মধ্যে বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
তবে এখনও শিক্ষা দফতরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কাউকে দেওয়া হয়নি। ফলে এই গুরুত্বপূর্ণ দফতরটি আপাতত মুখ্যমন্ত্রী নিজেই তত্ত্বাবধান করছেন। প্রশাসনিক মহলের একাংশের মতে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগে শিক্ষা মতো গুরুত্বপূর্ণ দফতরে ধারাবাহিকতা বজায় রাখতেই স্বপন দাশগুপ্তকে সামনে আনা হচ্ছে।
বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকেও শিক্ষা সংক্রান্ত বিষয় গুরুত্ব পেয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করা হতে পারে। আর সেখানেই স্পষ্ট হবে—শিক্ষা দফতরের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে।









