রাজ্য প্রশাসনে নতুন করে শক্তি সঞ্চারের ইঙ্গিত—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র দফতরে গুরুত্বপূর্ণ রদবদল করে একাধিক আধিকারিককে নতুন দায়িত্বে বসানো হল। নতুন ওএসডি নিয়োগ থেকে শুরু করে অতিরিক্ত সচিব ও উপসচিব স্তরে বদলি—সব মিলিয়ে নবান্নে প্রশাসনিক পুনর্গঠনের বার্তা স্পষ্ট।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দফতরের নতুন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হচ্ছেন হিরকজ্যোতি মজুমদার। ২০০৮ ব্যাচের এই ডব্লিউবিসিএস আধিকারিক এতদিন পশ্চিম মেদিনীপুরের জেলা যুব আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাঁকে সরাসরি সিএমও-তে আনা হল।


এ ছাড়াও, সচিব স্তরেও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। ১৯৯৯ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার শান্তনু বসু এবং ২০০১ ব্যাচের অভীক চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। শান্তনু এর আগে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতরে কর্মরত ছিলেন, অন্যদিকে অভীক দায়িত্ব সামলাচ্ছিলেন স্বনির্ভর গোষ্ঠী বিভাগের।
একই সঙ্গে ২০০৬ ব্যাচের ডব্লিউবিসিএস আধিকারিক দীপ্তার্ক বসুকে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে আনা হয়েছে। তিনি এর আগে আইন দফতরের রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজ হিসেবে কাজ করছিলেন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই চারটি গুরুত্বপূর্ণ নিয়োগের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও প্রাথমিকভাবে কয়েকজন মন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও গঠিত হয়নি। তার মধ্যেই প্রশাসনিক স্তরে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।









