শপথের দিনেই বিস্ফোরণ! প্রাক্তন বিধায়ক, পৌর চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে আদালতে অভয়ার মা-বাবা

আরজি কর-কাণ্ডে তৃণমূল বিধায়ক নীল ঘোষ-সহ তিন জনের গ্রেপ্তারির দাবিতে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ও বাবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার নতুন বিধানসভার শপথগ্রহণ পর্বের প্রথম দিনেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল এক মামলাকে ঘিরে। আরজি কর-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল বিধায়ক নীল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ও অভয়ার বাবা। মঙ্গলবার শিয়ালদহ আদালতে দায়ের করা এই আবেদন ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আদালত সূত্রে খবর, খুব শীঘ্রই এই মামলায় শুনানি হতে পারে।

বিধানসভায় নতুন সরকারের শপথগ্রহণের আবহের মধ্যেই এই আইনি পদক্ষেপ রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অভিযোগ, আরজি কর-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত যথাযথ পদক্ষেপ হয়নি। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন নির্যাতিতার পরিবার।

জানা গিয়েছে, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ মঙ্গলবার শিয়ালদহ আদালতে আবেদন জমা দেন। সেখানে তৃণমূল বিধায়ক নীল ঘোষ-এর পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এদিন আদালতে নিজেদের আবেদনে তিলোত্তমার বাবা বলেন, এই তিনজন মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত আটকাতে দ্রুত দেহ দাহ করার ব্যবস্থা নিয়েছিলেন। ৩ জনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তিনি। শুনানির পর তিনজনের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের নির্দেশ যাতে সিবিআইকে দেয় আদালত, এদিন সেই আর্জি জানানো হয়েছে তিলোত্তমার পরিবারের তরফে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাসক ও বিরোধী শিবিরের সংঘাতের আবহে এই মামলা নতুন মাত্রা পেল। কারণ, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সদ্য শপথ নেওয়া এক তৃণমূল বিধায়ক।

এদিকে আদালতে দায়ের হওয়া আবেদনের ভিত্তিতে আগামী শুনানিতে কী নির্দেশ আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও আইনজীবী মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত