কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস। ৫ জেলায় কমলা সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ছুটির আরাম ভেঙে রবিবার বিকেলেই ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর দাপটে প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টি নামতে পারে। বিশেষত পাঁচ জেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার সঙ্গে উপ-হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে এবং কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং হুগলীতে। এই জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে তীব্র বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দফায় দফায় ঝড়ের দাপটে গাছপালা উপড়ে যাওয়া বা বিদ্যুৎ বিভ্রাটের মতো ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গেও স্বস্তি নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোমবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও একইভাবে দুর্যোগের আশঙ্কা বজায় রয়েছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া অব্যাহত থাকায় আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টি চলতেই পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত