‘আমি সাধারণ মানুষ’, মুখ্যমন্ত্রী হয়েই বড় বার্তা বিজয়ের! ঘোষণা ফ্রি বিদ্যুৎ ও নারী সুরক্ষা বাহিনীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনমুখী একাধিক বড় ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রথম ভাষণেই নিজেকে “সাধারণ মানুষ” বলে উল্লেখ করে ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের নতুন অধ্যায়ের বার্তা দিলেন তিনি। একই সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ, নারী সুরক্ষা বাহিনী গঠন-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। দীর্ঘ রাজনৈতিক নাটকের পর সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে সরকার গঠন করে তাঁর দল টিভিকে। শপথের পর প্রথম সরকারি ভাষণেই জনসংযোগের বার্তা দেন বিজয়।

তিনি বলেন, “আমি সাধারণ মানুষ। তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং মানুষের অধিকার রক্ষার নতুন অধ্যায় আজ থেকে শুরু হল।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রথম ভাষণেই নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। জানা গিয়েছে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ নারী সুরক্ষা বাহিনী গঠন করা হবে বলেও ঘোষণা করেছেন বিজয়।

সূত্রের খবর, মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে এই বাহিনীতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীদের মোতায়েন করা হবে। শহর ও জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির উপর জোর দেওয়া হবে।

বিজয়ের এই ঘোষণাগুলিকে ঘিরে ইতিমধ্যেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ডিএমকে এবং এডিএমকে-র দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে ক্ষমতায় আসা টিভিকে সরকার এখন কীভাবে প্রশাসন চালায়, সেদিকেই নজর রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দিন থেকেই জনমুখী ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন বিজয়। আর সেই কারণেই শপথের পরপরই সাধারণ মানুষের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করার বার্তা দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত