অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা অন্যের ল্যাপটপে WhatsApp Web খুলে ব্যবহার করেন? তা হলে সাবধান। সক্রিয় WhatsApp Web সেশন কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যক্তিগত মেসেজ পড়তে পারে, পরিচিতদের কাছে ব্যবহারকারীর পরিচয়ে প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। সোমবার, ২৩ নভেম্বর এই ঝুঁকি নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (Indian Cyber Crime Coordination Centre বা I4C)। বিশেষ করে অফিস ও শেয়ার করা কম্পিউটারে WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
I4C-র ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (National Cybercrime Threat Analytics Unit বা NCTAU) জানিয়েছে, কম্পিউটারে WhatsApp Web-এর লগ-ইন সেশন সক্রিয় থাকলে অন্য কেউ অননুমোদিত ভাবে সেই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে। এর ফলে ব্যক্তিগত কথোপকথন, যোগাযোগের তালিকা এবং বিভিন্ন গ্রুপের মেসেজ অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শুধু তথ্য পড়েই থেমে থাকতে হবে এমন নয়। অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেলে অপরাধীরা ব্যবহারকারীর পরিচয় নিয়ে অন্যদের মেসেজ পাঠাতে পারে। পরিচিত ব্যক্তিদের বিশ্বাসকে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণা, ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো অপরাধ ঘটানোর ঝুঁকিও রয়েছে।
ব্রাউজার বন্ধ করলেই লগ-আউট হয় না! সাইবার নিরাপত্তা সংস্থার সতর্কবার্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, WhatsApp Web ব্যবহার করে শুধু ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করে দিলেই লগ-আউট সম্পূর্ণ হয় না। অর্থাৎ কম্পিউটার থেকে উঠে যাওয়ার পরেও অ্যাকাউন্টের সক্রিয় সেশন থেকে যেতে পারে।
তাই প্রতিবার কাজ শেষ হলে নিজে হাতে WhatsApp Web থেকে লগ-আউট করার পরামর্শ দিয়েছে I4C। বিশেষ করে অফিসের এমন কম্পিউটার, যা একাধিক কর্মী ব্যবহার করেন, সেখানে এই নিয়ম মেনে চলা জরুরি।
কোন কোন কম্পিউটারে WhatsApp Web ব্যবহার এড়াবেন? সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার, অন্যের কাছ থেকে ধার নেওয়া ল্যাপটপ কিংবা অপরিচিত কম্পিউটারে WhatsApp Web খুলতে নিষেধ করা হয়েছে। কোনও কারণে অন্যের কম্পিউটারে ব্যবহার করতেই হলে ইনকগনিটো (Incognito) বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা নেওয়ার পরেও কাজ শেষে ম্যানুয়ালি লগ-আউট করতে হবে।
সরকারি কাজ, প্রতিষ্ঠানের গোপন তথ্য, আর্থিক বিবরণ বা অন্য কোনও সংবেদনশীল তথ্য কম্পিউটারে WhatsApp Web-এর মাধ্যমে আদানপ্রদান না করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিশেষত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এই সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে? আপনার অজান্তে WhatsApp অ্যাকাউন্ট থেকে মেসেজ চলে যাওয়া, পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক উত্তরের খবর পাওয়া কিংবা অ্যাকাউন্টে অন্য কোনও অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে বিষয়টিকে গুরুত্ব দিতে বলেছে I4C।
পাশাপাশি মোবাইল, কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অচেনা ফাইল ডাউনলোড, সন্দেহজনক লিঙ্ক এবং ক্র্যাকড সফটওয়্যার থেকেও দূরে থাকতে বলা হয়েছে।



