নজরবন্দি ব্যুরোঃ অবশেষে গরমের দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ। স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা তথা দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণের সব জেলাতেই পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
আরও পড়ুনঃ ফের লাফিয়ে বাড়ল দেশের করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে মহারাষ্ট্রের গ্রাফ


মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টির পর চরম অস্বস্তি থেকে মুক্তি পেয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। বুধবার সকালের মনোরম আবহাওয়ায় ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারের মতো বুধবারেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি।



বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। আবহবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে আগামী চার-পাঁচ দিন। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমে বাড়বে।

দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ, আজও কি বৃষ্টি হবে কোলকাতায়?
তবে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আপাতত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বলেই খবর।







