নজরবন্দি ব্যুরোঃ মুখ্যসচিব আলাপনকে জরুরি তলব, ৩১ মে দিল্লীতে কাজে যোগ দেওয়ার নির্দেশ কেন্দ্রের। কিছুদিন আগেই মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়িয়েছিল রাজ্য কিন্তু তারমধ্যেই কেন্দ্রীয় সরকার বদলির নির্দেশ দিল আলাপনকে। এবার রাজ্য নয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করতে হবে তাঁকে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘শুভেন্দুকে দেখে মমতা কি প্রত্যেকবার এ ভাবেই পালিয়ে যাবেন?’ প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর


উল্লেখ্য, চলতি মাসের ২৪ তারিখ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। শেষ ৮ মাস ধরে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। গত বছর অক্টোবর মাসে মুখ্যসচিব পদে আসীন হন আলাপন। মে মাসেই আলাপনের ৬০ বছর বয়স হয়েছে। কিন্তু তার পরও তাঁকে মুখ্যসচিব পদে রেখে দেওয়ার জন্যে কেন্দ্রকে প্রস্তাব পাঠায় রাজ্য। কেন্দ্র তাতে স্বীকৃতি দিয়েছিল।
১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রশাসনিক স্তরে কাজ করেছেন। কলকাতা পুরসভার কমিশনার পদ সহ তিনি পরিবহণ ও শিল্প দফতরেও কাজ করেছেন। মুখ্যসচিব আলাপনকে জরুরি তলব, আলাপন বন্দ্যোপাধ্যায় কে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ সোমবার, সকাল ১০টায় তাঁকে দিল্লিতে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে হাজিরা দিতে হবে। রাজ্যকে বলা হয়েছে, ক্যাবিনেট কমিটির বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে যেন রাজ্য সরকার মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি।
প্রসঙ্গত, শুক্রবারই আলাপনের কাজের প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইয়াস বিধ্বস্ত দিঘাকে পুনরায় সাজিয়ে তোলার জন্য দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু তারপরই দিল্লি থেকে তাঁর বদলির নির্দেশ এল যা অপ্রত্যাশিত ছিল। এখন দেখার আলাপনের বদলি নিয়ে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দেন।









