নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টির অপ্রতুলতার সঙ্গে ক্রমবর্ধমান তাপবাহের কারণে রাজ্যের ৯ জেলার ৭২ টি ব্লকে কার্যত পানীয় জলের হাহাকার চলছে। বিষয়টি নিয়ে আলোচনা হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরে। তারপরেই ঠিক হয়েছে এই সমস্ত জেলা তথা ব্লকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের পাউচ ও গাড়ি পাঠানো হবে।
আরও পড়ুনঃ গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি


এই তালিকায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলার চারটি ব্লককে সবচেয়ে ‘আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ১৩টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই রয়েছে পাশের জেলা নদিয়ার স্থান। সেখানে ‘আশঙ্কাজনক’ ব্লকের সংখ্যা আটটি, ‘অংশত আশঙ্কাজনক’ ব্লকের সংখ্যা তিনটি। পূর্ব বর্ধমান জেলার পাঁচটি ব্লককে ‘আশঙ্কাজনক’ ও ‘অংশত আশঙ্কাজনক’ বলা হয়েছে।

উত্তর ২৪ পরগনার দু’টি ব্লককে ‘আশঙ্কাজনক’ ও তিনটি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলা হয়েছে। হুগলির আশঙ্কাজনক ব্লকের সংখ্যা ছ’টি ও অংশত আশঙ্কাজনক ব্লকের সংখ্যা তিনটি। পশ্চিম মেদিনীপুর জেলার শোচনীয় ব্লকের সংখ্যা চারটি ও আংশিক শোচনীয় ব্লকের সংখ্যা পাঁচটি। হাওড়া জেলার একটি করে ব্লক শোচনীয় ও আংশিক শোচনীয় বলে উল্লেখ করা হয়েছে।



ক্রমবর্ধমান তাপবাহে ৭২টি ব্লকে নেমে গিয়েছে জলস্তর, জল সঙ্কট মেটাতে জলের গাড়ি আর পাউচ পাঠাচ্ছে নবান্ন
এ ছাড়াও পূর্ব মেদিনীপুর ও বীরভূম জেলার পাঁচটি ব্লক ও চারটি ব্লককে আংশিক শোচনীয় বলে চিহ্নিত করা হয়েছে। এই জেলা গুলিতে জলের জোগান বজায় রাখতে পানীয় জলের পাউচ বিলি করা হবে। সেই সঙ্গে জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য। সরকারের তরফে কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর।








