ভারতের নির্বাচন কমিশন এবার ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল। অভিযোগ উঠেছিল, বিশেষ করে কর্নাটকে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার চেষ্টা চলছে। এই বিতর্কের মধ্যেই কমিশন চালু করল নতুন ই-স্বাক্ষর ব্যবস্থা, যাতে আধার ও মোবাইল নম্বরের মাধ্যমে যাচাই করে আবেদন গ্রহণ হবে। এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য ভোটার তালিকায় নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
আধার-ভিত্তিক যাচাই প্রক্রিয়াই মূল ভরসা
এত দিন ভোটার তালিকায় নাম তোলা (Form 6), নাম বাদ দেওয়া (Form 7) বা তথ্য সংশোধনের (Form 8) জন্য শুধু এপিক নম্বর দিলেই কাজ হয়ে যেত। কোনও আলাদা যাচাই হত না। ফলে অপব্যবহারের সুযোগ ছিল। কিন্তু এখন থেকে প্রতিটি ফর্ম ফিল-আপের সময় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়েই হবে তথ্য যাচাই।


কমিশনের মতে, নতুন ই-স্বাক্ষর ব্যবস্থায় দেখা হবে, আবেদনকারী নিজেই ফর্ম পূরণ করছেন কি না। অর্থাৎ আর কোনও তৃতীয় ব্যক্তি ভোটার তালিকা থেকে অন্যের নাম বাদ দিতে পারবে না।
আবেদনকারীদের জন্য নতুন ধাপ
নতুন নিয়মে আবেদনকারীকে প্রথমে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তার পর ফর্ম জমা দেওয়ার সময় একটি ই-স্বাক্ষর পোর্টাল খুলবে। সেখানে নিজের আধার নম্বর দিতে হবে। ওই নম্বরের সঙ্গে যুক্ত মোবাইলে একটি ওটিপি (One Time Password) যাবে। সেই ওটিপি দিলে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনটি কমিশনের সিস্টেমে সঠিকভাবে জমা পড়বে।
কমিশন বলছে, এই ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা চালু হলে ভোটার তালিকায় তথ্যের স্বচ্ছতা ও সুরক্ষা দুটোই বাড়বে।


রাহুল গান্ধীর অভিযোগের পরেই নয়া ব্যবস্থা
কয়েক দিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, কর্নাটকের আলন্দ বিধানসভা এলাকায় কংগ্রেসের শক্ত ঘাঁটিতে ভোটচুরির চেষ্টা হয়েছিল। তিনি বলেন, ৬ হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল। পরে কমিশনও স্বীকার করে নেয় যে ৬,০১৮টি আবেদনের মধ্যে মাত্র ২৪টি ছিল সঠিক।
এই বিতর্কের পরই কমিশন নতুন ই-স্বাক্ষর ব্যবস্থা চালু করল, যাতে আর এ ধরনের জাল আবেদন সম্ভব না হয়।
নিরাপদ ও স্বচ্ছ ভোটার তালিকার পথে বড় পদক্ষেপ
নির্বাচন কমিশনের মতে, নতুন এই পদক্ষেপে ভোটারদের অধিকার সুরক্ষিত হবে এবং কোনও প্রকার দুর্নীতি বা অনৈতিক প্রচেষ্টা রোধ করা যাবে। এখন থেকে ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের প্রতিটি ধাপ হবে ডিজিটাল ও নিরাপদ।
ভোটারদের আর কোনও দুশ্চিন্তা নেই—নিজেদের নাম ভোটার তালিকায় রাখতে চাইলে কেবল আধার ও মোবাইল নম্বরের সাহায্যে সঠিকভাবে আবেদন করলেই হবে।







