রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের গ্রাম ক্ষোভে ফুঁসছে! বুধবার সন্ধ্যে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি (Sandeshkhali)। সেই একই ছবি বজায় থাকল বৃহস্পতিবারেও। শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই দুই নেতা হলেন উত্তম সর্দার ও শিবু হাজরা। আজ একেবারে অন্য ছবি ধরা পড়ল সন্দেশখালিতে। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে হাতে লাঠি-বাঁশ নিয়ে প্রতিবাদ জানালেন গ্রামের মহিলারা।
আরও পড়ুন: লক্ষ্মীবারে রাজ্য বাজেট, সামাজিক প্রকল্পে জোর, আর কী কী থাকছে?


বুধবার রাতেই শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারের ভেড়িতে আগুন লাগিয়ে দেন গ্রামবাসীরা। ভাঙচুর চালানো হয় শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার তাঁর অফিসেও। গ্রামবাসীদের মারমুখী মেজাজ দেখে নৌকায় চেপে পালান তৃণমূল নেতারা। আর বৃহস্পতিবার সকালে সন্দেশখালির (Sandeshkhali) থানার সামনে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে মহিলাদের।

সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা জানিয়েছেন, জমি ছিনিয়ে নিয়ে ভেড়ি বানিয়েছেন উত্তম সর্দার ও শিবু হাজরা। পাশাপাশি, মেয়েদের সম্মান নেই বলেও অভিযোগ। পুকুর বুজিয়ে বেসরকারি স্কুল বানানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তাঁরা। এর নেপথ্যে রয়েছেন শিবু হাজরা। গ্রামে শান্তি ফেরাতেই তাঁরা প্রতিবাদে নেমেছেন বলে দাবি মহিলাদের।



ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, শাহজাহানের গ্রেফতারির দাবিতে প্রতিবাদ গ্রামবাসীদের
পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে, এই মহিলারা বিজেপি ও সিপিআইএম করেন। কিন্তু যারা প্রতিবাদ করছেন সেই মহিলারা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা বিজেপি বা সিপিআইএম করেন না বরং তাঁরা তৃণমূলই করেন। কিন্তু দলে নোনাজল প্রবেশ করেছে বলে অভিযোগ। পুলিশের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেও জানিয়েছেন তাঁরা। এই মুহূর্তে বেশ কয়েকটা মিছিল বেরিয়েছে সন্দেশখালিতে (Sandeshkhali)। তাঁদের লক্ষ্য, শিবু হাজরার অফিস! দাবি একটাই, শান্তি চাই, শাস্তি চাই!








