লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর এপ্রিলেই হতে পারে লোকসভা নির্বাচন। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির ক্ষেত্রে অবশ্য পূর্ণাঙ্গ বাজেট পেশে কোন বাধা নেই। আজ ৮ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট(State Budget)। অনেকের মতে রাজ্য সরকার লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের ঘোষণা করতে পারে।



আরও পড়ুন : নির্বাচনের আগেই বনদপ্তরের ৭০০ শুন্যপদে নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০১১ সালে ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, সবুজসাথি, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথি সহ বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছে। সূত্রের খবর, সামাজিক উন্নয়নমুলক প্রকল্পগুলিতে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধির কথা বলা হতে পারে এই বাজেটে। গত ২ বছর ধরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে বলে অভিযোগ।



এই নিয়ে দিল্লিতে আন্দোলনও করেছে তৃণমুল। গত শনিবার থেকে এই নিয়ে রেড রোডে ধর্না দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের বকেয়া টাকা রাজ্যের ২১ লক্ষ শ্রমিককে মেটাবে রাজ্য। সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

লক্ষ্মীবারে রাজ্য বাজেট, সামাজিক প্রকল্পে জোর, আর কী কী থাকছে?
এর পাশাপাশি আবাস যোজনার উপভোক্তাদের গৃহ নির্মাণ , গ্রামীণ রাস্তা তৈরি, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বিশেষ জোর দেওয়া হবে। জেনারেল বিভাগের পড়ুয়াদের জন্য যোগ্যশ্রী, ঐক্যশ্রী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুপুর তিনটে নাগাদ বাজেট পড়বেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee)। তবে এবারে বাজেটের অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যপালের ভাষণ ব্যতীত শুরু হতে চলেছে রাজ্য বাজেট। বহু বছর পর এই ঘটনা ঘটতে চলেছে।







