গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়াণ অভিনেত্রী সায়রা বানু। তাঁর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সায়রা বানুর হাঁটুতে দু’টি ব্লাড ক্লট ধরা পড়েছে। সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই।
বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, চলতি বছরেই অশীতিপর অভিনেত্রীকে হায়পাতালে ভর্তি করানো হয়।
দিলীপ কুমারের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু। বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন সায়রা। তবে দিলীপ সাহাব একেবারেই সেটা টের পাননি প্রথমে। ততদিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা।
স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তাঁর নিঃসঙ্গতা বোধের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তাঁর শরীর খারাপ হয়েছে। কিন্তু তাঁর প্রিয় ‘দিলীপ সাহাব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।



