‘শিশুশ্রম’ বিতর্কে বৈভব সূর্যবংশী! আইপিএল খেলাই কি বন্ধ হতে পারে?

১৫ বছরের বৈভব সূর্যবংশীকে আইপিএলে খেলানো নিয়ে ‘শিশুশ্রম’-এর অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি সমাজকর্মীর, চাপে রাজস্থান রয়্যালস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর বিস্ফোরক পারফরম্যান্স ইতিমধ্যেই তাঁকে দেশের অন্যতম বড় প্রতিভা হিসেবে তুলে ধরেছে। কিন্তু মাঠের বাইরেও এবার তাঁকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অভিযোগ উঠেছে, একজন নাবালককে আইপিএলের মতো পেশাদার টুর্নামেন্টে খেলানো হচ্ছে ‘শিশুশ্রম’-এর শামিল। এই অভিযোগকে কেন্দ্র করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্ণাটকের এক সমাজকর্মী। ফলে বৈভবকে ঘিরে নতুন করে চাপে পড়েছে রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি। গড় ৪০.৪০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৬৪। ইতিমধ্যেই একটি শতরান এবং দু’টি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। মাত্র ১৫ বছর বয়সে এমন পারফরম্যান্স তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

তবে এই সাফল্যের মাঝেই বিতর্কের সূত্রপাত। কর্ণাটকের সমাজকর্মী শিবকুমার নায়াক অভিযোগ তুলেছেন, নাবালক বৈভবকে আইপিএলে খেলানো এক ধরনের শিশুশ্রম। তাঁর দাবি, “ও এখনও শিশু। এই বয়সে পড়াশোনায় মন দেওয়ার বদলে পেশাদার ক্রিকেটে নামানো হচ্ছে। এটা শোষণের শামিল।”

শুধু অভিযোগই নয়, শিশু অধিকার ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি পুলিশে অভিযোগ দায়ের এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন শিবকুমার। তাঁর বক্তব্য, “আমি এই ছেলেটিকে আইপিএলে খেলতে দেব না। ওর বয়স এখন পড়াশোনা করার।”

তবে ক্রিকেটের নিয়মকানুন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের বয়স যদি দলের তালিকা জমা দেওয়ার সময় বা প্রথম ম্যাচের দিনে ১৫ বছর বা তার বেশি হয়, তাহলে সে আন্তর্জাতিক বা পেশাদার ক্রিকেট খেলার যোগ্য বলে বিবেচিত হয়। বৈভব গত ২৭ মার্চ ১৫ বছরে পা দিয়েছে। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী তাঁর খেলায় কোনও বাধা নেই।

শুধু তাই নয়, বৈভব এর আগেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪। আইসিসির বিশেষ অনুমতি নিয়েই তাঁকে সেই টুর্নামেন্টে খেলানো হয়েছিল। আর সেই বিশ্বকাপেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল বৈভব। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রান করে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল সে। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে করেছিল ৪৩৯ রান।

বিসিসিআইয়ের নিয়মও বৈভবের পাশে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও অনূর্ধ্ব-১৬ বা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার যদি অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে থাকে, তাহলে সে আইপিএলে অংশ নেওয়ার যোগ্য। বৈভব সেই যোগ্যতা অর্জন করেছিল বহু আগেই। মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর।

ফলে আইনি বিতর্ক তৈরি হলেও, নিয়মের নিরিখে বৈভব সূর্যবংশীকে খেলানোর ক্ষেত্রে রাজস্থান রয়্যালস কোনও নিয়মভঙ্গ করেনি বলেই মনে করছে ক্রিকেট মহল। তবে এই বিতর্ক ভবিষ্যতে নতুন কোনও আইনি জটিলতা তৈরি করে কি না, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন