ভোটের মুখে বাংলার রাজনীতিতে ফের উত্তাপ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বারাসত-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল ওরফে বাবলু মাস্টার একটি চেয়ারে বসে ফোনে কথা বলছেন। তাঁর সামনের টেবিলে রাখা রয়েছে বান্ডিল বান্ডিল নগদ টাকা।
এই ভিডিয়োর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবু রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।


ভাইরাল ভিডিয়োতে কী দেখা যাচ্ছে
ভাইরাল ক্লিপে দেখা যায়, গিয়াসউদ্দিনের সামনে টেবিল জুড়ে সাজানো নগদের স্তূপ। পাশের চেয়ারে আরও এক ব্যক্তি বসে রয়েছেন, তিনিও মোবাইলে ব্যস্ত। ঘরের ভিতরে আরও একজনকে বসে থাকতে দেখা যায়। একই সঙ্গে, আরেক ব্যক্তি ওই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করছেন এবং বারান্দা থেকে কাউকে উপরের ঘরে আসার দিকনির্দেশ দিচ্ছেন।
এই দৃশ্য সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠেছে—এই বিপুল নগদের উৎস কী, কোন কাজে ওই ঘরে বৈঠক চলছিল, এবং ভিডিয়োটি কবে তোলা?
বিরোধীদের আক্রমণ
ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র অভিযোগ করেন,


“গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এভাবেই তৃণমূল নেতারা রাজ্য লুট করছেন। এখন তাঁরা সমতলে নয়, টাকার পাহাড়ে থাকতে পছন্দ করেন।”
তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তৃণমূলের ব্যাখ্যা
এই প্রসঙ্গে গিয়াসউদ্দিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন। তার আগে কোনও মন্তব্য করতে চান না।
অন্যদিকে, বারাসত-১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন,
“গিয়াসউদ্দিন সহ-সভাপতি হওয়ার আগেই জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তা ছিল পার্টনারশিপের ব্যবসা। ভাইরাল হওয়া ভিডিয়োটি ২০২২ সালের পুরোনো ফুটেজ।”
তৃণমূল নেতৃত্বের দাবি, এই ভিডিয়োকে রাজনৈতিক উদ্দেশ্যে নতুন করে সামনে আনা হচ্ছে।
ভোটমুখী রাজ্যে বাড়ছে উত্তাপ
ভিডিয়োর সত্যতা যাচাই না হলেও, ভোটের আবহে এমন দৃশ্য সামনে আসায় রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই বিতর্ক তদন্তের দিকে গড়ায় কি না, নাকি রাজনৈতিক চাপানউতোরেই সীমাবদ্ধ থাকে।







