প্রবীণ কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধীকে বুধবার সকালে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৭৯ বছর বয়সি এই নেত্রী বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, একটি অস্ত্রোপচারের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্রোপচার করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রবীণ কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার সকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন সনিয়া গান্ধী।


গত কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। একাধিক বার তাঁকে দিল্লি ও সংলগ্ন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে জানুয়ারিতেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সে সময় দিল্লির দূষণ ও শীতের কারণে তাঁর ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট এবং অ্যাজ়মার সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়।
এর আগেও ২০২৫ সালে অন্তত তিন বার বিভিন্ন কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। কখনও পেটের সমস্যায়, কখনও রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাঁকে। একবার সিমলার একটি হাসপাতালেও বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি।


ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মুখ সনিয়া গান্ধী। পাঁচ বার লোকসভার সাংসদ থাকার পর বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের অন্যতম প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি।







