উৎসবের মরসুমের আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল সিকিম সরকার। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা Dearness Allowance (DA) এবং পেনশনভোগীদের Dearness Relief (DR) বাড়ানো হয়েছে। সংশোধিত হারে DA ৫৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬০ শতাংশ। নতুন হার কার্যকর ধরা হয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে।
অর্থাৎ, চলতি বছরের শুরু থেকেই এই অতিরিক্ত DA ও DR-এর সুবিধা প্রযোজ্য হবে। সিকিম সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত বেতন কাঠামোর আওতায় থাকা কর্মী ও পেনশনভোগীদের জন্য DA এবং DR—দুই ক্ষেত্রেই ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
প্রি-রিভাইজড বেতন কাঠামোর আওতায় থাকা কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রেও DA এবং DR বাড়ানো হয়েছে। তাঁদের ক্ষেত্রে হার ২৫৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৬২ শতাংশ। ফলে পুরনো বেতন কাঠামোর আওতায় থাকা কর্মী ও পেনশনভোগীরাও এই সংশোধনের সুবিধা পাবেন।
শুধু নিয়মিত সরকারি কর্মীরাই নন, সংশোধিত বেতন কাঠামোয় রাজ্য সরকারের নিয়মিত স্কেলে বেতন পাওয়া যোগ্য চুক্তিভিত্তিক কর্মী এবং work-charged establishment-এর কর্মীদের ক্ষেত্রেও এই সংশোধিত DA প্রযোজ্য হবে।
All India Service বা AIS আধিকারিকদের ক্ষেত্রেও একই ধরনের সংশোধন করা হয়েছে। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতাভুক্ত প্রি-রিভাইজড বেতন কাঠামোয় থাকা AIS আধিকারিকদের DA ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা হয়েছে। আর সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের ভিত্তিতে সংশোধিত বেতন কাঠামোয় থাকা AIS আধিকারিকদের DA ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে।
সিকিম সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৫০ হাজার কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ, DA ও DR বৃদ্ধির ফলে সরাসরি এই বিপুল সংখ্যক মানুষের মাসিক আর্থিক সুবিধা বাড়বে।
তবে ৬০ শতাংশ DA মানেই প্রত্যেক কর্মীর বেতনে একই অঙ্কের টাকা বাড়বে না। DA হিসাব করা হয় সংশ্লিষ্ট কর্মীর Basic Pay-এর ভিত্তিতে। ফলে কারও বেসিক পে যত বেশি, ২ শতাংশ অতিরিক্ত DA-র আর্থিক প্রভাবও তত বেশি হবে।
একই ভাবে পেনশনভোগীদের ক্ষেত্রে অতিরিক্ত DR-এর অঙ্ক নির্ভর করবে তাঁদের প্রযোজ্য বেসিক পেনশনের উপর। তাই ২ শতাংশ বৃদ্ধির ফলে প্রত্যেকের হাতে বাড়তি টাকার পরিমাণ এক হবে না।
অর্থ দফতরের নির্দেশে ভগ্নাংশের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। কোনও হিসাবের ক্ষেত্রে ৫০ পয়সা বা তার বেশি ভগ্নাংশ হলে তা পরবর্তী পূর্ণ টাকায় ধরা হবে। ৫০ পয়সার কম হলে সেই ভগ্নাংশ বাদ দেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নতুন হারে DA ও DR পাওয়ার পথ তৈরি হল সিকিমের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য। তবে সংশোধিত হারের বকেয়া কী ভাবে এবং কোন সময়সূচিতে মেটানো হবে, সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা দেখা গুরুত্বপূর্ণ।



