আমডাঙা থেকে অশোকনগর, দলীয় কর্মীদের দাবিতে একাধিক জায়গায় প্রার্থী বদল তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমডাঙা থেকে অশোকনগর, দলীয় কর্মীদের দাবিতে একাধিক জায়গায় প্রার্থী বদল তৃণমূলের। রাজ্যের শাসকদল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসে। হাবড়া থেকে আমডাঙা সর্বত্রই দেখা যায় এক ছবি। আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের পরিবর্তে প্রার্থী করা হয় মোস্তাক মোর্তজাকে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিদায়ী বিধায়কের অনুগামীরা।

আরও পড়ুনঃ স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল।

এমনকী জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়। পরিস্থিতি সামলাতে ছুটে যেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। অশোকনগরে বিদায়ী বিধায়ক ধীমান রায়কেই প্রার্থী করেছিল দল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের হয়ে কর্মীরা জোরকদমে নেমে পড়লেও ওই দুই আসনে কার্যত হাত গুটিয়ে বসেছিলেন নিচুতলার নেতা-কর্মীরা। কর্মীদের মনের ভাব আঁচ করে দলকে প্রার্থী বদলের জন্য পরামর্শ দিয়েছিলেন ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকালই তিনি প্রার্থী বদলের আভাস দিয়ে বলেন ‘দল চাইলে প্রার্থী বদল হবে।’

তাঁর কথামত ২৪ ঘন্তার মধ্যে আজ অশোকনগর সহ বেশ কিছু জায়গায় প্রার্থী বদল করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা, নদিয়ার কল্যাণী ও বীরভূমের দুবরাজপুর আসনে পূর্ব ঘোষিত প্রার্থীদের পরিবর্তে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অশোকনগরে প্রার্থী হয়েছেন নারায়ণ গোস্বামী, আমডাঙায় প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক রফিকুর রহমানকে। আর কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। বীরভূমের দুবরাজপুরে নতুন প্রার্থী হলেন দেবব্রত সাহা।

আমডাঙা থেকে অশোকনগর, দলীয় কর্মীদের দাবিতে একাধিক জায়গায় প্রার্থী বদল তৃণমূলের। নতুন প্রার্থী প্রদানে দলের বিক্ষোভ নিয়ন্ত্রনে এনে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত জায়গায় দল এককাট্টা হয়ে কাজ করে ভোটে নিজেদের গদি ধরে রাখতে পারবে বলেই মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত