বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী? শপথের আগে অমিত শাহের জরুরি বৈঠকে জোর জল্পনা

শনিবার শপথের আগে শুক্রবার পরিষদীয় দলের জরুরি বৈঠক ডাকল বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম ঘিরে জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন— বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে শুক্রবার জরুরি পরিষদীয় বৈঠক ডেকেছে বিজেপি নেতৃত্ব। সেই বৈঠক ঘিরেই তুঙ্গে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের শীর্ষ নেতৃত্ব অনেক আগেই বাংলার মুখ্যমন্ত্রী পদ নিয়ে রূপরেখা ঠিক করে রেখেছিল। আর এখন সেই পরিকল্পনাকেই আনুষ্ঠানিক রূপ দেওয়ার পালা।

বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্যের পর থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। তবে বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, মুখ্যমন্ত্রী বাছাইয়ের আগে পরিষদীয় দলের বৈঠক হওয়াই নিয়ম। সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়কদের মতামত নেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচন করা হয়। এরপরই আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী? শপথের আগে অমিত শাহের জরুরি বৈঠকে জোর জল্পনা
বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী? শপথের আগে অমিত শাহের জরুরি বৈঠকে জোর জল্পনা

দলীয় সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। বৈঠকের পরই স্পষ্ট হয়ে যাবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। শনিবারই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান।

যদিও রাজনৈতিক মহলের বড় অংশের নজর এখন শুভেন্দু অধিকারীর দিকেই। ভোটের আগে একাধিক সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলায় জন্মেছেন, বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন।

এই মন্তব্যের পর থেকেই শুভেন্দুর নাম সামনে আসতে শুরু করে। কারণ তিনি শুধু নন্দীগ্রাম থেকেই নয়, ভবানীপুর থেকেও জয় পেয়েছেন এবং সরাসরি টক্করে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে রাজনৈতিক মহলের বড় অংশের ধারণা, মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে।

তবে বিজেপির অন্দরে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। ফলে শেষ মুহূর্তে কোনও চমক থাকে কি না, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত