নজরবন্দি ব্যুরোঃ শিশুদের উপর প্রভাব ফেলবে না করোনার তৃতীয় ঢেউ, নীতি আয়োগের দাবিতে স্বস্তি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শিশু থেকে বৃদ্ধ ছাড়া পাচ্ছেন না কেউ। এমন অবস্থায় আগামীদিনে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন দেশের চিকিৎসামহল।
যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের শিশুরা এমন আশঙ্কাও করেছেন অনেকেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল দাবি করেছেন করোনার তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। সেইজন্যে কেন্দ্রকে শিশুদের টিকাকরণের উপর জোর দিতে অনুরোধ করেছিলেন। ইতিমধ্যেই তৃতীয় তরঙ্গ মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন তিনি। পিছিয়ে নেই কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুব ও শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ে রাজ্য ও জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন।
এর আগে, মহারাষ্ট্র সরকার বলেছিল যে, তারা মহামারীর তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং শিশুদের জন্য পেডিয়াট্রিক কোভিড ওয়ার্ড তৈরী করেছে। এদিকে তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রের নয়া দাবি আশা জাগাচ্ছে দেশের মানুষের মনে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল বলেন যে, শিশুরা করোনায় আক্রান্ত হলে তেমন কোনো লক্ষণ থাকবে না, প্রভাবও পড়বে না তাদের শরীরে। তাদের সাধারণত হাসপাতালে ভর্তির হওয়ার প্রয়োজন হবে না।
শিশুদের উপর প্রভাব ফেলবে না করোনার তৃতীয় ঢেউ, নীতি আয়োগের দাবিতে স্বস্তি। তিনি আরো বলেন, দ্বিতীয় তরঙ্গে ধীরে ধীরে দৈনিক সংক্রমণের সংখ্যা কমছে। পজিটিভিটির হার ক্রমেই বাড়ছে। কমছে মৃত্যু সংখ্যা। আক্রান্তের থেকে সুস্থতার হারও অনেকটাই বেশি। নয়া এই তথ্য অনেকটাই স্বস্তি দিলেও আগাম প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছে না কেন্দ্র।



