নজরবন্দিঃ ভোটের আগেই এবার ই-রেশন চালু করতে চায় রাজ্য। অন্যদিকে ডাক-সমস্যা এড়ানো, ও ‘ভুয়ো’ গ্রাহককে বাদ দেওয়া—এই জোড়া লক্ষ্যে ‘ই-রেশন’ কার্ড পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের পরিষেবাও চলবে বলে জানা গিয়েছে। খাদ্য দপ্তরের দাবী, রাজ্যে প্রায় ১০ কোটি মানুষেরই ডিজিটাল রেশন কার্ড পৌঁছনোর কথা ছিল। কিন্তু তা এখনও পর্যন্ত বহু মানুষ হাতে পায়নি। ফলে দোরগোড়ায় ভোট। আর তাঁর আগেই রেশন কার্ড নিয়ে চিন্তায় রাজ্য।
আরও পড়ুনঃ বছরের প্রথম দিনে সুখবর, কমলো দেশের করোনা সংক্রমণ।


রাজ্যের দাবি,ডাক-সমস্যার জন্য বিপুল সংখ্যক মানুষের হাতে এখনও পৌঁছয়নি রেশনকার্ড। আবার সব ডিজিটাল রেশন কার্ড ‘সঠিক’ হাতে রয়েছে কি না, তা নিয়েও এখনও ধন্দে প্রশাসন।তাই নিশ্চিত হতেই এবার ‘ই-রেশন’ চালু করতে চায় রাজ্য। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ই-রেশন কার্ড পরিষেবা চালু হলে সবক’টি সমস্যার থেকেই রেহাই পাওয়া যাবে।
সূত্রের খবর, এই ব্যবস্থা অনেকটা ই-আধারের মতো। উপভোক্তা অনলাইনেই পেয়ে যাবেন নিজের রেশন কার্ড। অনলাইনে খাদ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিলেই পেয়ে যেতে পারেন ই-রেশন কার্ড। শুধুমাত্র চালু রেশন কার্ডের সঙ্গে উপভোক্তার আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে। মোবাইল থেকে ই-রেশন কার্ড দোকানে দেখালেই নির্ধারিত খাদ্যসামগ্রি পাওয়া যাবে।
খাদ্য-কর্তাদের ধারণা, নতুন বছরের গোড়াতেই এই পরিষেবা শুরু হতে পারে। তাই আগেভাগে রেশন দোকানে খাদ্যশস্য বরাদ্দ করার পদ্ধতিতেও বদল আনা হচ্ছে। আগে রেশন কার্ড নিয়ে দোকানে না-যাওয়া পর্যন্ত উপভোক্তার মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ হত না। এখন ই-রেশন পরিষেবার আওতায় কোনও উপভোক্তা এলেই খাদ্য দফতরের মূল সার্ভার থেকে সংশ্লিষ্ট উপভোক্তার এলাকার রেশন দোকানে বার্তা পৌঁছে যাবে। একইসঙ্গে, উপভোক্তার নামে বরাদ্দও পৌঁছে যাবে সেখানে। ফলে ই-রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গেলেই সুবিধা পেতে পারেন সকলে।


খাদ্য-কর্তাদের দাবি, যাতে তা নকল করা না যায় তাঁর জন্যই ই-রেশনে আধার নম্বর যুক্ত থাকবে। ফলে তার নকল করা সম্ভব হবে না। তা ছাড়া কিউ-আর কোড থাকায় কার্ডের সুরক্ষা আরও বাড়বে। পাশাপাশি, নির্দেশিকা দিয়ে অন্যান্য কার্ডের মতোই ই-রেশনকে বৈধতা দেওয়ার পথে হাঁটবে সরকার। ফলে নথি হিসাবেও ই-রেশনকে ব্যবহার করতে বাধা থাকবে না বলে দাবী বিশিষ্ট মহলে।
খাদ্য-কর্তাদের দাবি, লকডাউন পর্বে ডিজিটাল রেশন কার্ড ডাকযোগে উপভোক্তার কাছে পাঠাতে বেশ বেগ পেতে হয়েছিল দফতরকে। আনলক পর্ব শুরু হওয়ার পরেও সেই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। ফলে, আগামী বছরের জুন মাস পর্যন্ত সব উপভোক্তাকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে রেশন গ্রাহকদের আগ্রহ আরও বেড়েছে। আবার লকডাউনে কাজকর্ম প্রায় বন্ধ থাকার পরে চলতি আনলক পর্ব থেকে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া ফের শুরু হয়েছে। কিন্তু বিপুল সংখ্যক কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণের কাজ এখনও বাকি।
\







