ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌরভের কথা, ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ আমন্ত্রণ নিশীথকে

নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ফোনে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলা ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা, ইডেনে ম্যাচ দেখার আমন্ত্রণও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ফোনে কথা বললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গ ক্রিকেটের উন্নয়ন থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা— একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে দুই ক্রীড়া প্রশাসকের মধ্যে। শুধু তাই নয়, আগামী ১৬ মে ইডেনে কেকেআরের গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচ দেখার জন্য নতুন ক্রীড়ামন্ত্রীকে বিশেষ আমন্ত্রণও জানিয়েছেন সৌরভ।

সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। দায়িত্ব নেওয়ার পরই তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, বাংলার ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই বাংলার ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্তার সঙ্গে তাঁর এই আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রীড়ামহল।

সূত্রের খবর, বৃহস্পতিবার ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় সৌরভ ও নিশীথের। বাংলা ক্রিকেটের উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং তরুণ প্রতিভাদের আরও সুযোগ করে দেওয়া নিয়েই মূলত আলোচনা হয়েছে। ক্রীড়ামন্ত্রীও সিএবির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

এদিন সিএবির তরফ থেকেও নতুন ক্রীড়ামন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সাক্ষাৎ করেন নিশীথ প্রামাণিকের সঙ্গে এবং তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে নিশীথকে ইডেনে কেকেআরের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন বলেও খবর।

আগামী ১৬ মে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ নাইটদের কাছে কার্যত ‘মরণবাঁচন’ লড়াই। সেই ম্যাচেই ইডেনে উপস্থিত থাকতে পারেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী।

দায়িত্ব নেওয়ার পর নিশীথ প্রামাণিক বলেছিলেন, “বাংলার ক্রীড়াক্ষেত্রকে পরিবারতন্ত্র এবং রাজনৈতিক প্রভাব থেকে বের করে আনতে হবে। রাজ্যে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছেন। তাঁদের সঠিক সুযোগ, পরিকাঠামো এবং সহযোগিতা দিতে হবে।” কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে খেলাধুলোর উন্নয়নে দ্রুত পদক্ষেপ করবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। তাঁকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান তিনি। ফলে নতুন সরকারের সঙ্গে রাজ্যের ক্রীড়াজগতের সম্পর্ক যে আরও ঘনিষ্ঠ হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন