নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথম দিনে সুখবর, করোনার নতুন স্ট্রেন নিয়ে মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এর জেরে নানা রকম গুজবও ছড়াচ্ছে। কিন্তু এরই মধ্যে তরতর করে নেমে যাচ্ছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। একই সঙ্গে ক্রমশ কমছে সংক্রমণের হারও। নতুন বছরের প্রথম দিনেই খুশীর খবর শোনাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
আরও পড়ুনঃ অবশেষে জল্পনার ইতি! অসমে সব মাদ্রাসা বন্ধের বিল পাস হল।
তাঁদের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৩৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজার দেড়েক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম। গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৬২ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা হয়েছে।
বছরের প্রথম দিনে সুখবর, ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ১.৮৮ শতাংশ। এখন দেশের মধ্যে সংক্রমণশীর্ষে রয়েছে কেরল (৫,২১৫)। এর পর রয়েছে মহারাষ্ট্র (৩,৫০৯), পশ্চিমবঙ্গ (১,১৭০), ছত্তীসগঢ় (১,০৩৫), উত্তরপ্রদেশ (১,০২৫)। একটা সময়ে দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি করা তামিলনাড়ু (৯৩৭), কর্নাটক (৯৫২) দিল্লি (৫৭৪) এবং অন্ধ্রপ্রদেশে (৩৩৮) এখন দৈনিক সংক্রমণ তিন সংখ্যায়।



