ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে যিনি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে মহিলাদের ২ হাজার টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
১৪ দিন জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সেখানেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন তিনি। একদিকে যেমন, বিজেপির তরফে অভিযোগ, এই ভিডিও ফেক, উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ঘটনা ধামাচাপা দিতে তৈরি করেছে তৃণমূল। সেখানে কিন্তু শাহজাহানের বক্তব্য, "ওটা ফেক না, ওটা অরিজিনাল।"
যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।”
“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’