নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি। নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'লিপস অ্যান্ড বাউন্ডস' সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির প্যান কার্ড খতিয়ে দেখতে মুম্বইয়ের এনএসডিএল (NSDL) অফিসে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয়কৃষ্ণ ভদ্র।
লিপস অ্যান্ড বাউন্ডস মামলার তদন্তে ডিপার্টমেন্টের দক্ষ অফিসারদের নিযুক্ত করুক ইডি, শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে এও বলা হয়েছে, নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং তদন্ত সংক্রান্ত সমস্ত নথির ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়েছে। গত মাসেই ইডির এক দল অভিযান চালায় নিউ আলিপুরের ওই অফিসে। টানা ১৮ ঘণ্টার তল্লাশির পর জরুরী কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন তারা।
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। মামলায় কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালীদের। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিপুল টাকায় চাকরি ব্রিক্রি হলেও কোন হাত থেকে টাকা কোন দিক হয়ে ঘুরে কোথায় পৌঁছাত! সেই সব জাল খুঁজে বের করতেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তের জেরেই বেশ কয়েক দিন আগেই খোঁজ মেলে লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থার।