নজরবন্দি ব্যুরো: ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির প্যান কার্ড খতিয়ে দেখতে মুম্বইয়ের এনএসডিএল (NSDL) অফিসে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয়কৃষ্ণ ভদ্র।
আরও পড়ুন: রাত ফুরোলেই বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এখনও জটিলতা কংগ্রেস শিবিরে


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে হাজিরা দিয়ে সাড়ে ৫ হাজার পাতার নথি জমা দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। এবার সেই তথ্য মিলিয়ে দেখার জন্যই এনএসডিএল (NSDL)-কে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। অভিষেক বন্দোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যক্তিগত প্যান কার্ড এবং ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার প্যান কার্ড সম্পর্কিত তথ্য জানতেই প্যান কার্ডে নিয়ামক সংস্থার দ্বারস্থ হল ইডি।

ওয়াকিবহাল মহলের মতে, মূলত অভিষেক, রুজিরা এবং সুজয়কৃষ্ণ এই তিনজনের ডিম্যাট অ্যাকাউন্ট আছে কি না, থাকলে সেখানে কী লেনদেন হয়েছে, সেই সংক্রান্ত তথ্য মিলবে এই প্যান কার্ডের তথ্য থেকে। আর প্যান কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য থাকে এনএসডিএল-এর কাছে। অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। এবার প্রয়োজনীয় তথ্য হাতে পেলেই ইডি-র কাছে আর্থিক লেনদনের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।



নজরে অভিষেকের প্যান কার্ড, তথ্য যাচাই করতে NSDL-কে চিঠি দিল ED
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। তাঁর কন্ঠস্বর পরীক্ষার জন্য বারংবার আবেদন করেও এখনও পর্যন্ত তা সম্পন্ন করতে পারেনি এজেন্সি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে হাজিরা দিয়ে সাফ জানিয়েছিলেন, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এখন, এনএসডিএল থেকে কী তথ্য আসে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।








