নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Supreme Court)। তাঁর আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি। নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।



আরও পড়ুন: কৃত্রিম মস্তিস্কের সাথে মিশে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, তৈরি হবে নতুন প্রযুক্তি!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া, বিচারপতির মন্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় মানহানির আশঙ্কা জানিয়েছিলেন। তাই এই মামলাগুলির প্রকাশে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে মামলার শুনানি শুরু হয়। বিচারপতি জানিয়ে দেন, মামলা সরানোর ব্যাপারে কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। পাশাপাশি সংবাদমাধ্যমে বিচারপতির নির্দেশ প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হবে না।



শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী সওয়াল করেন, ‘এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করেছেন যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি করছে। বিচারপতির রায়ের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সংবাদমাধ্যমগুলিতে।’ ওয়াকিবহাল মহলের মতে, মহিলা বিচারপতির নাম না নেওয়া হলেও বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) দিকে ইঙ্গিত করা হয়েছে।
অভিষেকের সুপ্রিম আবেদন খারিজ, নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলবে বিচারপতি সিনহার বেঞ্চেই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam)। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন এই সংস্থার সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে। সম্প্রতি হাজার পৃষ্ঠার রিপোর্ট আদালতে পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বিচারপতির পর্যবেক্ষণ, অধিকাংশ সম্পত্তি ২০১৪ সালের পর হয়েছে। ঘটনাচক্রে সেইসময়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়েছিল। বিচারপতি সিনহার এই পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ইউটিউব চ্যানেলেও ফুটেজ প্রকাশ করা হয়। বিরোধীরা সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে। এনিয়েই আপত্তি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।








