নজরবন্দি ব্যুরোঃ মৃত্যুবার্ষিকীর ঠিক আগে ফিরে এল সুশান্ত মামলা, গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় হিন্দি টেলিভিশন ও সিনেমা জগতের অতি পরিচিত মুখ সুশান্ত সিং রাজপুতের দেহ। তাঁর অকালমৃত্যুর পরে শোকের ছায়া নেমে আসে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশে। অনেকেই সুশান্তের এই মৃত্যুর পেছনে বলিউডের স্বজন পোষণকে দায়ী করেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সুশান্তের জন্য বিচার চেয়ে সরব হন নেটিজেনরাও।
আরও পড়ুনঃ ‘দুয়ারে ত্রান’ প্রকল্পে দফতর অনুযায়ী কাজ ভাগ করে নির্দেশিকা জারি নবান্নের।
প্রথমে এই ঘটনার তদন্ত বান্দ্রা পুলিশ করলেও পরে তা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে চলে যায়। এরপর সুশান্তের বাবার আবেদনের ভিত্তিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অনুরোধে কেন্দ্র সুশান্ত সিং হত্যা মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেয়। সিবিআইয়ের পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করে ইডি ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনার তদন্তে কেঁচো খুঁড়তে উঠে আসে কেউটে। এই ঘটনা থেকে বলিউডের মাদকযোগের মত অতি চাঞ্চল্যকর বিষয় উঠে আসে। প্রথমে মাদক মামলায় গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী রিয়া, তাঁর ভাই সহ একাধিক ব্যক্তিকে। এরপরেই এনসিবি দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত, শ্রদ্ধা কাপুর সহ বলিউডের এ তালিকাভুক্ত তারকাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও সুশান্তের মৃত্যুর ঘটনার মূল তদন্তের ভার ছিল সিবিআই এর উপরেই। এদিকে সুশান্তের মৃত্যু নিয়ে তদন্তের সময় তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাগুলি।
সুশান্তের মৃত্যুর সময়েও তিনি উপস্থিত ছিলেন ওই ফ্ল্যাটে। আর আজ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এনসিবি গ্রেফতার করল সিদ্ধার্থ পিঠানিকে। সূত্রের খবর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হায়দরাবাদ থেকে পিঠানিকে গ্রেফতার করে। প্রসঙ্গত বিভিন্ন দিক খতিয়ে দেখার পর সিবিআই শেষপর্যন্ত সুশান্তের আত্মহত্যায় কোনও খুনের ষড়যন্ত্র বা আত্মহত্যায় প্ররোচনার বিষয় পায়নি। সিবিআই শেষ পর্যন্ত জানিয়েছিল যে সুশান্ত মানসিক অবসাদে ভুগছিল, যার প্রমাণ রয়েছে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের মনোবিদ এবং সুশান্ত ঠিকমতো ওষুধও খাচ্ছিলেন না যার ফলে তাঁর অসুস্থতা বেড়ে যায় এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
মৃত্যুবার্ষিকীর ঠিক আগে ফিরে এল সুশান্ত মামলা, গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি। যদিও এই নিয়ে নিজেদের চূড়ান্ত রিপোর্ট এখনও দেয়নি তারা। এরই মধ্যে এই গ্রেফতারের ফলে মৃত্যুবার্ষিকীর আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠলেন সুশান্ত। তবে কি এবার সঠিক বিচার পেতে চলেছে মৃত অভিনেতার আত্মা? তা সময়ই বলবে।



