নজরবন্দি ব্যুরো: বারাসাত দত্তপুকুরের মোচপোল এলাকায় সাংঘাতিক বাজি বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: কন্যাশ্রীকে পরোক্ষভাবে ‘ব্যর্থ’ ঘোষণা করে শিলিগুড়িতে গিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল


প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজকের বাজি বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা ৭, আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ১৫। স্থানীয় সূত্রে অভিযোগ, প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই এই অঞ্চলে রমরমিয়ে চলত অবৈধ বাজি ব্যবসা। আর তা বানানো হত চূড়ান্ত অব্যবস্থার মধ্যে। রবিবার সকাল ৮টা নাগাদ প্রচুর পরিমাণ বারুদ ও বাজি মজুত করে রাখা একটি বাড়িতে বিস্ফোরণটি সংঘটিত হয়।
My letter to Hon’ble HM Shri @AmitShah ji for urgent request for NIA investigation into recent explosions in Duttapukur. pic.twitter.com/hIjt0Td83w
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 27, 2023
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিতে লিখেছেন, “স্থানীয় মানুষজন জানিয়েছেন, এদিনের বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব ঘটনার তীব্রতা গভীরভাবে উদ্বেগজনক। এই ধরণের ঘটনা কেন ঘটল তা জানতে এবং যে কোনও সম্ভাব্য অপরাধী চিহ্নিতকরণের জন্য একটি বিস্তারিত তদন্তের প্রয়োজন। এলাকাবাসীর দাবি, তাঁরা এই ধরনের অবৈধ কারখানা নিয়ে প্রশাসনকে বারবার জানালেও তারা কোনও ধরনের পদক্ষেপ করেনি৷ আপনি এই ঘটনার তদন্তভার NIA-এর হাতে অর্পণ করুক।”

দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডের তদন্ত করুক NIA, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর
বিগত চারমাসে রাজ্যের চার জায়গায় বাজি বিস্ফোরণের ঘটনা। স্বাভাবিকভাবেই তা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। স্থানীয়রাও শাসক দলকে সরাসরি অভিযুক্ত করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সমালোচনা করেছেন সরকারের। অবৈধভাবে এই বাজি কারখানাগুলি কীভাবে গজিয়ে উঠছে প্রশাসনের মদত ছাড়া তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। এখন, সুকান্ত মজুমদারের দাবি মেনে অমিত শাহ বাজি বিস্ফোরণকাণ্ডে NIA নিয়োগ করেন কিনা সেটাই দেখার।










