নজরবন্দি ব্যুরো: শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা হত্যার ঘটনায় ফুঁসছে। শনিবার বনধ্ ডাকা হয় শিলিগুড়ি সহ গোটা দার্জিলিংয়ে। রবিবার মাটিগাড়া যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে গিয়েই কিন্তু রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। তিনি বললেন, “কন্যাদের সুরক্ষা ছাড়া এ রাজ্যে কন্যাশ্রী সফল হতে পারে না।”
আরও পড়ুন: তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে? অবৈধভাবে বাজি তৈরির সহযোগী আসলে ISF! বিস্ফোরক রথীন
রবিবার মাটিগাড়ায় মৃতা নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল। মৃতার পরিবারের সঙ্গে প্রায় ১৫ থেকে ২০ মিনিট কথা বলেন রাজ্যপাল। এরপর তিনি বলেন, আমি বাকরুদ্ধ। মৃতার পরিবারের পাশে রয়েছি। কন্যাদের সুরক্ষা ছাড়া এ রাজ্যে কন্যাশ্রী কখনও সফল হতে পারে না। আর সুরক্ষাব্যবস্থা সুষ্ঠু করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। কন্যাদের সুরক্ষা সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

পাশাপাশি, রাজ্যপাল মৃতার পরিবারকে তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, “আশা করছি অপরাধীদের দ্রুত শাস্তি হবে”। সঙ্গে বোস এও বলেন, “উত্তরবঙ্গের এই জায়গা চিকেন্স নেক হিসাবে পরিচিত। এই জায়গার সুরক্ষা ব্যবস্থা সবার আগে সুনিশ্চিত করা দরকার”।
কন্যাশ্রীকে পরোক্ষভাবে ‘ব্যর্থ’ ঘোষণা করে শিলিগুড়িতে গিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করেন। দেশে বিদেশে সমাদৃত হয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প। এবার কন্যাশ্রী প্রকল্পকেই পরোক্ষভাবে ব্যর্থ ঘোষণা করলেন রাজ্যপাল। ক্রমেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র রূপ ধারণ করছে বলেই মত রাজনৈতিক মহলের।




